প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ

ব্যালন ডি’অর জেতা নিয়ে হ্যারি কেইনের পক্ষে এবার সরব হলেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোমপানি। ইংলিশ স্ট্রাইকারের পারফরম্যান্স, দলীয় স্বার্থে খেলার মানসিকতা ও ধারাবাহিকতার প্রশংসা করে তিনি বলেছেন, ক্যারিয়ারের শেষ দিকে এই পুরস্কার কেইনের প্রাপ্য।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন। আলফোনসো ডেভিসের গোলে সহায়তার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি। ম্যাচ শেষে কেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোমাপানি।
বায়ার্ন কোচের মতে, কেইনের অবদান শুধু গোল করায় সীমাবদ্ধ নয়। দলের প্রয়োজনে কখনো আক্রমণভাগে, কখনো মাঝমাঠে নেমে খেলা তৈরি করেন তিনি; এমনকি রক্ষণেও সাহায্য করেন। সতীর্থদের জন্য নিজের ভূমিকা বদলে নেওয়ার এই মানসিকতাই কেইনকে আলাদা করেছে।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছিলেন কেইন। বায়ার্নের হয়ে জিতেছেন ঘরোয়া শিরোপাও। আগামী সোমবার লন্ডনে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। পুরস্কারটি জিততে কেইনকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকদের অনেকে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।